কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে প্রশাসন ও ছাত্রলীগের প্রত্যক্ষ মদত দেওয়ার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবিরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে শ্রেণী কার্যক্রম শুরুসহ তিন দফা দাবি পেশ করেছেন তারা।
রবিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে এই দাবিসমূহ পেশ করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
দাবিসমূহ হলো- রেজিস্ট্রার দফতর থেকে উপাচার্য এবং উপ-উপাচার্য দফতরে কোনও নথি আদান-প্রদান হবে না, বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষক কোনও প্রকার (অনলাইন/ অফলাইন) মিটিংয়ে যুক্ত হতে পারবে না এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশীরের শ্রেণী কার্যক্রম শুরু করতে হবে।
এই বিষয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একজন মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, এর আগেও এই শিক্ষকদের নিজেদের কোন্দলের কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ক্লাস পরীক্ষা থেকে দূরে থাকতে হয়েছে। তারা যদি এখনও আবার শিক্ষার্থীদের সঙ্গে এমন করেন তাহলে আমরা ধরে নিবো তারা ফ্যাসিস্টদের দোসর এবং তাদের প্রতিহত করতে শিক্ষার্থীরাই পরবর্তী ব্যবস্থা নেবে।
এ বিষয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, আমি নিজেও এই আওয়ামী সরকারের মাধ্যমে বারবার বৈষম্যের শিকার হয়েছি। আমার নিজের পদে আমাকে তারা বসতে দেয়নি। আজ আমি আমার পদে শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণেই, আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি। তাদের দাবিসমূহ সম্পন্ন করতে আমি প্রশাসনিক যত সহযোগিতা প্রয়োজন হবে সব করবো।









