এবার পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার। সোমবার (১৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ইমেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্বপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান।
উপ-উপাচার্য পদত্যাগপত্রে শেখ মনজুরুল হক উল্লেখ করেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়। উক্ত পদে যোগদান করার পর থেকে আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি উপ-উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করছি।
অপরদিকে কোষাধ্যক্ষ উল্লেখ করেন,শিক্ষা মন্ত্রণালয় থেকে ১০ আগস্ট ২০২১ আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয়। উক্ত পদে যোগদান করার পর থেকে আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি ট্রেজারার পদ থেকে পদত্যাগ করছি।
এর আগে রবিবার উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ রাশেদা আখতারের পদত্যাগ দাবিতে তাদের অফিস কক্ষে পদবীর নামফলক খুলে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হওয়া হামলায় প্রশাসনের ব্যর্থতা ও সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এই পদত্যাগের দাবি জানান তারা।









