চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় বিভাগের ফটকে তালা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন তারা।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- বিভাগের ৩০তম ব্যাচের (২০২০-২১ সেশন) আটকে থাকা পরীক্ষা অনতিবিলম্বে শুরু করা, ৩১ তম ব্যাচের ১১ মাস ধরে চলা দ্বিতীয় বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রদান, সেশনজট কমাতে প্রতিটি সেমিস্টার চার মাসে শেষ করা এবং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মুশতাক আহমেদের বিরুদ্ধে প্রশাসনের দেওয়া অভিযোগের তদন্তে বিভাগ থেকে সর্বাত্মক সহায়তা করা।
অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চেয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমাদের কোনও কোনও ব্যাচের সেমিস্টার এক বছর পরও শেষ হচ্ছে না। আমরা বিভাগের আরও কিছু দুর্নীতিসহ চার দফা দাবি হাজির করে দীর্ঘদিন স্যারদের সঙ্গে আলোচনা করে যাচ্ছি কিন্তু কোনও সমাধান এখনও পাইনি। তাই চার দফা দাবি নিয়ে বাধ্য হয়ে আমাদের আন্দোলনে বসতে হলো। আমরা দ্রুত একটা সমাধান চাই। আমাদের ভোগান্তি কমিয়ে আনার অনুরোধ থাকবে ডিপার্টমেন্টের কাছে। আজকের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
অবস্থানরত শিক্ষার্থীরা এ সময়, ‘পরিবারের নামে প্রতারণা, চলবে না, চলবে না’, ‘আমরা কেন আদু ভাই, জবাব চাই জবাব চাই’, এক বছরে সেমিস্টার, ধিক্কার, ধিক্কার’, ‘পরীক্ষার কেন ধীর গতি, কী করছেন সভাপতি’, ‘৪ মাসে সেমিস্টার, সব ব্যাচের দরকার’, ‘আর নয় বাড়াবাড়ি, পরীক্ষা চাই তাড়াতাড়ি’, ‘বাবা গো সোনা গো ছাইড়া দেন, ছাইড়া দেন, মিষ্টি আলাপ বাদ দেন, ৪ দফা মাইনা নেন’, ‘গুটি চালানো বাদ দেন, আমাদের মুক্তি দেন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
অবস্থান কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ স্নাতক পর্যায়ের সব বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।









