জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময় ১ জানুয়ারি থেকে পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে ১০ ইউনিটের পরিবর্তে সাত ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
আলী রেজা বলেন, ‘কিছু নতুন সিদ্ধান্ত নেওয়ার কারণে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পেছানো হয়েছে। আজকের সভায় পাস মার্ক ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। একটি বিভাগে চার জনের বেশি পোষ্য কোটায় ভর্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আবেদন ফি কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কত টাকা কমানো হবে, এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং আইন অনুষদ আলাদা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আইআইটি গাণিতিক এবং পদার্থ বিজ্ঞান অনুষদের অধীনে আইন অনুষদ, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট কলা অনুষদের অধীনে ভর্তি পরীক্ষা নেবে। বাকি ইউনিটগুলো পূর্ববর্তী বিজ্ঞপ্তির মতোই থাকবে।
এর আগে গত ১৯ ডিসেম্বর ১০ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ইউনিট সংখ্যা ও ভর্তি আবেদন ফি কমানোর উদ্যোগ নেয় প্রশাসন।









