রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি তারা প্রার্থীও হতে পারবেন নির্বাচনে। এ জন্য মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা একদিন বাড়ানোও হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত রাকসু নির্বাচন কমিশনারদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকাল ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার নিমিত্তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ জন্য মনোনয়ন ফরম উত্তোলনের সময় আরও একদিন বাড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও কমিশনাররা উপস্থিত ছিলেন।









