জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক অসংগতি ও অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ বলেন, ‘আমরা বুধবার রাত থেকে দেখতে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’
বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আরিফ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্যান্য প্যানেলের কিছু বিষয়েও অভিযোগ তোলেন তিনি।
আরিফ উল্লাহ বলেন, ‘পোলিং এজেন্ট রাখার জন্য আমরা গতকাল রাতে বলেছিলাম। কিন্তু প্রশাসন গভীর রাতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। পরে আজ সকালে যখন আমরা বিভিন্ন ভোটকেন্দ্র আমাদের পোলিং এজেন্টদের পাঠিয়েছি, তখন সংশ্লিষ্ট হলের দায়িত্বরত ব্যক্তিরা এ নিয়ে গড়িমসি করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিল, আজ সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনও প্রাক্তন শিক্ষার্থী থাকতে পারবেন না। কিন্তু আপনারা দেখেছেন, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ও হলগুলোতে সাবেক ছাত্রদল নেতাকর্মীদের দেখা গেছে। তারা ভোটারদের বিভিন্নভাবে ম্যানিপুলেট (প্রভাবিত) করার চেষ্টা করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে বারবার বললেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’
জাকসু নির্বাচনে অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রসঙ্গে এই ভিপি প্রার্থী বলেন, ‘আমরা জানতে পেরেছিলাম অতিরিক্ত ১০ শতাংশ ব্যালট পেপার ছাপানো হয়েছে। আমরা বলেছিলাম, অতিরিক্ত ব্যালট পেপার সিলগালা করে প্রতিটি হলে শুধু যতজন ভোটার থাকবেন, ততগুলো ব্যালট পেপার দিতে। কিন্তু আজ শহীদ সালাম বরকত হল, মীর মশাররফ হোসেন হলসহ অধিকাংশ হলে অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে। এই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের প্রস্তুতি ও অবস্থান। এসব বিষয় অবশ্যই নির্বাচন কমিশনারের স্পষ্টত ঘাটতি।’
শিবির সমর্থিত এই ভিপি প্রার্থী আরও বলেন, ‘বিভিন্ন হলে দলবেঁধে গিয়ে ছাত্রদল ভীতিকর পরিবেশ তৈরি করছে। তারা জাহানারা ইমাম হলে ঢুকে গার্ডকে মারধর করেছে। একটি হলে সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে মব তৈরি করে ভোট বানচালের চেষ্টা করেছে। আমরা খবর পাচ্ছি, আমাদের ক্যাম্পাসের চারপাশে ছাত্রদলের বহিরাগতদের বেশি আনাগোনা লক্ষ করা যাচ্ছে। বিষয়টি আমাদের মধ্যে অনেক বেশি আশঙ্কা তৈরি করেছে। আমরা আশঙ্কা করছি, এভাবে হতে থাকলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’









