জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল কারণে আড়াই ঘণ্টা স্থগিত থাকার পর পুনরায় শুরু হচ্ছে। ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে এবং পরে মেশিনের মাধ্যমে যাচাই করা হবে।
নির্বাচন কমিশনার কানিজ ফাতিমা কাকলী জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় স্থগিতের পর বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী, নির্বাচন কমিশন এবং শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার পর এই প্রক্রিয়া নির্ধারণ করা হয়।
তিনি বলেন, “প্রথমে একটি কেন্দ্রের ৩০০টি ব্যালট ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর দুটি মেশিনের মাধ্যমে সেই ব্যালট যাচাই করা হবে। যেই মেশিনের ফলাফল ম্যানুয়াল গণনার সঙ্গে মিলবে, সেই মেশিনে পরবর্তী ভোট গণনা করা হবে।”
তবে রাত ১২টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় ম্যানুয়ালি ভোট গণনা শুরু হয়নি।
এর আগে, ভোট গ্রহণ বিকাল ৩টায় শেষ হলেও ৩৯ কেন্দ্র থেকে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আসে বিকাল ৫টায়। মাগরিবের নামাজের পর গণনা শুরু হলে দুই মেশিনে ভিন্ন ফলাফল দেখা দেয়। তিন ঘণ্টার চেষ্টা সত্ত্বেও সমাধান না হওয়ায় ভোট গণনা স্থগিত রাখা হয়।
উল্লেখ্য, ৪ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশনের উদ্যোগে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের জন্য মক ভোটের আয়োজন করা হয়। মক ভোট শেষে মেশিনে ভোট গণনার পক্ষে সব প্রার্থী লিখিত মতামত দেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস খাদিজাতুল কোবরা ও এজিএস আতিকুর রহমান তানজিলও উপস্থিত থেকে সিদ্ধান্তে স্বাক্ষর করেন।









