পবিত্র রমজান মাসে সরকারি অফিস শুরু হবে সকাল ৯টায়। শেষ হবে বেলা সাড়ে ৩টায়। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম একথা জানিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার রোজার অফিস সূচি বৈঠকে উপস্থাপন করলে মন্ত্রিপরিষদ তাতে সম্মতি দেয় বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
তিনি বলেন, এবার রোজায় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় ৯টা-সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
আর সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
/ওএফ/এসটি/








