রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে মঙ্গলবার রাবিতে এক সমাবেশে যোগ দেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের শিক্ষকরা।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীর হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতি শেষে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আজ কর্মবিরতি পালন করেছি। আগামীকাল (মঙ্গলবার) শিক্ষক ফেডারেশন রাবিতে এক সমাবেশে যোগ দেবে। এছাড়া আগামী পরশু (বুধবার) আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের জীবন এখন হুমকির মুখে। আমাদের তো আর বসে থাকার মতো অবস্থা নেই। একের পর এক এভাবে হত্যা চলছেই। এর পরে আবার কাকে খুন হতে হবে কেউ জানে না। তাই আমরা এ ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হয়ে আসতে চাই।’
তিনি আরও বলেন, ‘রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত এবং সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
/আরএআর/এফএস/এএইচ/








