অবশেষে দূরপাল্লার রুটে ডিজেলচালিত বাসের ভাড়া কমালো সরকার। ভাড়া কমলো প্রতি কিলোমিটারে তিন পয়সা। এই ভাড়া আগামী ১৫ মে থেকে কার্যকর হবে। এর আগে পরিবহন মালিকরা ভাড়া দুই পয়সা কমানোর দাবি করেছিলেন।
সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ মে থেকে প্রতি কিলোমিটারে পুনঃনির্ধারিত যাত্রী প্রতি ভাড়া হবে ১ টাকা ৪২ পয়সা। বর্তমানে যা কিলোমিটারে রয়েছে ১ টাকা ৪৫ পয়সা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে ভাড়ার এ নতুন হার পুনঃনির্ধারণ করে দিয়েছে। এতে বলা হয়, দূরপাল্লার রুটে চলাচলকারী বাস, মিনিবাসের ভাড়া হবে কিলোমিটারে যাত্রী প্রতি ১ টাকা ৪২ পয়সা।
প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন ভাড়া কমানোর সিদ্ধান্ত ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগরের জন্য প্রযোজ্য হবে না। দূরপাল্লার পথে যেসব বাস কোম্পানি তাদের বাস আরামদায়ক করার জন্য ৫২ সিট থেকে কমিয়ে ৪০ সিট করেছেন, তাদের ভাড়া বিআরটিএ থেকে ঠিক করিয়ে নিতে হবে।
প্রসঙ্গত, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ বাসই সিএনজিচালিত। এ কারণে এসব বাসের ভাড়া আগে থেকেই নির্ধারণ করা আছে। এ দুটি নগরীতে যাত্রী ভাড়া নির্ধারণ রয়েছে ৫২ আসনের বড় বাসে প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা এবং ৩০ আসনের মিনিবাসে ১ টাকা ৬০ পয়সা।
গত মাসে ডিজেলের দাম লিটারে তিন টাকা কমায় গণপরিবহনের এই ভাড়া কমানো হলো। বর্তমানে প্রতি লিটার ডিজেল ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
/ওএফ/এনএস/এএইচ/








