ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে (ডিআরইউ) পিইসি ও জেএসসি-২০১৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসেও অনুষ্ঠানস্থল ছেড়ে চলে গেলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। কোচিং সেন্টার সাইফুর’স ওই অনুষ্ঠান স্পন্সর করায় তারা অনুষ্ঠান বর্জন করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত হন। তবে কিছুক্ষণের মধ্যেই তারা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানস্থলে এসেও কেন ফিরে গেলেন এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বাংলা ট্রিবিউনকে মুঠোফোনে জানান, ‘দেখেন, শুক্রবার আমি ঢাকায় থাকি না, সাধারণত নিজ এলাকায় যাই। আমার এলাকার অনুষ্ঠান বাতিল করে আমি সাংবাদিকদের ডাকে সাড়া দিলাম, কিন্তু তারা আমাকে সেখানে নিয়ে এক বিব্রতকর অবস্থায় ফেলে দিলো!’
তিনি আরও বলেন, ‘একটি মৌলবাদী সংগঠনের সঙ্গে সাইফুর’স-এর সংশ্লিষ্টতা আছে। তাহলে ওই অনুষ্ঠানে আমি কিভাবে থাকি?’
একই অনুষ্ঠান ত্যাগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার। তাই যে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় সাইফুর’স-এর মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান সেখানে আমার বিশেষ অতিথি হিসেবে থাকার প্রশ্নই ওঠে না।’
তিনি আরও বলেন, ‘আজ বেলা ১১টার দিকে একটি সংবাদ সম্মেলন ছিল আমার। সেটা বাতিল করে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানে যাই। কিন্তু আমাকে যদি আগে বলা হতো- ওই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক সাইফুর’স, তাহলে আমি সেখানে থাকতাম না। আমি অনুষ্ঠানটি আগেই বাতিল করতাম।’
তবে প্রধান অতিথি ও বিশেষ অতিথির অনুষ্ঠান ত্যাগ করার কারণে ডিআরইউ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ৪০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করেন। এর মধ্যে জেএসসি’র ১৫ জন শিক্ষার্থী ও পিইসি’র ২৫ জন্য শিক্ষার্থীকে এসব বৃত্তি প্রদান করা হয়।
আরও পড়ুন-
বিলুপ্ত ছিটমহলবাসীকে নাগরিকত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি, বঞ্চিত ২২৫ জন
আবারও পশ্চিমা চাপে সরকার, ইস্যু আইএস
/এসআইএস/ এফএস/ এএইচ/








