
পারিবারিক কলহের জেরে শ্যালক হৃদয়ের হাতে খুন হয়েছেন দুলাভাই মো. উজ্জ্বল হোসেন বাবু (৩৫)। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। রাজধানীর রায়েরবাগে রবিবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর রায়েরবাগের শ্বশুর বাড়ি থেকে স্ত্রী লাভলীকে আনতে যান উজ্জ্বল। এ সময় পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় বটি দিয়ে কুপিয়ে আহত করেন উজ্জ্বলকে। দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মার্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ‘ভেতরে ভেতরে অনেক কাজ হচ্ছে’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্য পরিদর্শক মোজাম্মেল একথা জানিয়েছেন।
এ ঘটনায় যাত্রাবাড়ি থানা পুলিশ উজ্জ্বলের শ্যালক, শ্বশুর, শাশুড়িসহ তিনজনকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত উজ্জ্বলের বাড়ি বরিশালের মুলাদিতে।
/জেইউ/এসটি/








