পুলিশের উদ্যোগে উঠান বৈঠকের মাধ্যমে মাদকরোধ,বাল্যবিয়ে ও অস্ত্র উদ্ধারের বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সারাদেশে জঙ্গিবাদ রোধে অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম আরও বেগবান করার সুপারিশ করা হয়। পাশাপাশি পিছিয়ে পড়া দরিদ্র অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের সজাগ দৃষ্টি রাখার সুপারিশও করা হয়।
বৈঠকে উদ্ধার করা অস্ত্র ও মাদকের ২০১৪ এবং ২০১৫ বছরের সঠিক তথ্যসংবলিত প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপনের কথা জানানো হয়।
এছাড়া ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের নিরাপত্তায় মালিক কর্তৃপক্ষকে এগিয়ে আসা এবং পরিবহনের চালক নিয়োগে পুলিশের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণের সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি টিপু মুন্সীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, মো. ফরিদুল হক খান, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী, পুলিশের আইজিপি, বাংলাদেশ কোস্ট গার্ড,স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
/জেইউ/এমও/এমএসএম/








