
জাতিসংঘের তথ্যসমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন পুরস্কার ২০১৬ পেয়েছে বাংলাদেশি বেসরকারি সংস্থা বিএনএনআরসি (বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন)।
জেনেভা কর্মপরিকল্পনা অনুসারে ২০১২ সাল থেকে ১৮ বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। কর্মধারা ৯ (এ্যাকশন লাইন সি নাইন) এর গণমাধ্যম বিভাগে এ বছর সেরা পুরস্কারটি জিতে নেয় বাংলাদেশি সংস্থাটি। ৩ মে জেনেভায় বিএনএনআরসি-র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান এ পুরস্কার গ্রহণ করেন।
রবিবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
গণমাধ্যমে নারী উন্নয়নকে সামনে রেখে এ পুরস্কার বিজয়কে অভিনন্দন জানিয়েছেন তথ্য সচিব মরতুজা আহমদ। দেশে ফিরে রবিবার বজলুর রহমান তথ্য সচিবের সঙ্গে দেখা করেন।
সচিব বলেন, ‘এই পুরস্কারের মাধ্যমে আমাদের কাজ বিশ্বসভায় স্বীকৃতি পেল। শুধু বিএনএনআরসি-র কর্মীরাই নয়, এই পুরস্কার বাংলাদেশের ১৬টি কমিউনিটি রেডিওতে কর্মরত ৬০ জন যুবা নারী সাংবাদিকের।’
বিএনএনআরসি’র ‘কমিউনিটি মিডিয়া ও সাংবাদিকতায় যুব নারী- বাংলাদেশের গ্রামীণ সম্প্রচার সাংবাদিকতায় নতুন যুগের উন্মেষ’ প্রকল্পটি শুধুমাত্র সর্বাধিক ভোটই পায়নি বরং ৫টি সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে।
২০১৩ থেকে ২০১৫ সালে সম্পন্ন এই প্রকল্পের আওতায় ৩টি ব্যাচে বাংলাদেশের গ্রামাঞ্চলে ৬০ জন নারী সাংবাদিক বিএনএনআরসি’র তত্ত্বাবধানে সম্প্রচার সাংবাদিকতাসহ গণমাধ্যমের বিভিন্ন শাখায় নিবিড় প্রশিক্ষণ নেন ও কমিউনিটি রেডিও ও স্থানীয় সংবাদপত্রে সাংবাদিকতায় নিয়োজিত হন। খবর বাসস।
আরও পড়ুন: খুলনা জেল সুপারের বাসভবনে বোমা হামলায় জেলা ছাত্রদল সম্পাদক আটক
/এসটি/








