আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এক বছর হয়ে গেল। এ জন্য সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে নানা প্রসঙ্গ উত্থাপন করেন সাংবাদিকরা। এগুলোর মধ্যে একটি ছিল- রাজনৈতিক পিছুটান। এক সাংবাদিক বলেন, রাজনৈতিক পিছুটান নেই বলে ঢাকা উত্তরের মেয়রের পারফরমেন্স গত এক বছরে অনেকটা এগিয়ে। আর দক্ষিণের মেয়র পিছিয়ে। এর কারণ কি রাজনৈতিক পিছুটান? নাকি অন্যকিছু?
জবাবে মেয়র বললেন, রাজনৈতিক পিছুটান বলতে কিছু নেই। তবে রাজনীতির প্রতি টান অবশ্যই আছে। বলতে পারেন এটা খুব গভীর টান। কারণ আমি রাজনৈতিক পরিবার থেকেই এসেছি। যতদিন বাঁচব ততদিন এই টান থাকবে।
মেয়র বলেন, দায়িত্ব পালনকালে আমার কাছে নগরবাসীর চিন্তা প্রথমে আসে। তাই অসঙ্গতি দূর করতে কোনও দলের প্রতি একপেশে মনোভাব রাখি না। আপনারা হয়তো খেয়াল করবেন, সম্প্রতি উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে আমার দলীয় লোকজনের ব্যানার-পোস্টারই আগে অপসারণ করেছি।
অপর একটি প্রসঙ্গে মেয়র বলেন, আগামীতে ভোট করব সে চিন্তা করছি না। গত বছর নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলেই আমি খুশি।
ওএফ/ এপিএইচ /








