নারায়ণগঞ্জে এক শিক্ষককে মারধর ও কান ধরে উঠ-বস করানোর ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। বৃহস্পতিবার সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে তিনি সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি কথা বলবেন। তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমান করা এবং উদ্ভূত পরিস্থিতি বিষয়ে বৃহস্পতিবার ১১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যমের সাংবাদিকদের ব্রিফ করবেন।
এর আগে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছিলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনার তদন্ত শেষ হলে গণমাধ্যমে তিনি সেটা জানাবেন। ওই ঘটনাকে ‘কলঙ্কজনক’ আখ্যায়িত করে তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কান ধরিয়ে উঠ-বস করানো এবং পরে তাকে বরখাস্ত করার ঘটনা নিয়ে সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর একটি কমিটি গঠন করে। তদন্ত রিপোর্টটি বুধবারের মধ্যে জমা দেওয়ার কথা ছিল।
আরও পড়ুন: ৬৯ আরোহী নিয়ে ফ্রান্স থেকে মিসরগামী বিমান নিখোঁজ
/আরএআর/এমও/








