বুধবার (২৫ মে) দেশের ৯টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত এসব পৌরসভায় ভোট নেওয়া হবে। এজন্য কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ইসির পরিচালক (গনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন।
গত ২০ এপ্রিল নির্বাচন কমিশন এসব পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পৌরসভাগুলো হলো- নরসিংদী জেলার রায়পুরা ও পলাশ, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী জেলার সেনবাগ ও নোয়াখালী, ফেনী জেলার ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ এবং খাগড়াছড়ির রামগঞ্জ পৌরসভা।
নির্বাচনে মেয়র পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ২১ জন ও স্বতন্ত্র ৬ জন। সাধারণ কাউন্সিলরের ৮৭ পদের বিপরীতে মোট ৩১৬ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরের ২৯টি পদের বিপরীতে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯টি পৌরসভার মোট ভোটার হচ্ছেন ৩ লাখ ১৩ হাজার ৬৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ২৫৫ জন ও মহিলা ভোটার ১ লাখ ৫৪ হাজার ৩১৬ জন। নির্বাচনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৩টি ও ভোট কক্ষ ৮৭৯টি।
/ইএইচএস/এফএস/








