কোরাম সংকটের কারণে মঙ্গলবারের পূর্ব নির্ধারিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি। বিকাল ৩টার বৈঠকে অংশ নিতে কমিটির সভাপতি রেজাউল করিম হীরা ও সদস্য গাজী ম ম আমজাদ হোসেন উপস্থিত থাকলেও মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ অন্যান্য সদস্যরা না আসার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করে শেষ পর্যন্ত বৈঠক স্থগিত করা হয়।
জানা গেছে, কমিটির বৈঠকে অংশ নিতে সভাপতি ও ওই সদস্য ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব এবং সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক গণসংযোগয়ের কর্মকর্তা উপস্থিত হন। কিন্তু কমিটির সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মীর শওকাত আলী বাদশা, মো. ইসহাক হোসেন তালুকদার, একাব্বর হোসেন, মকবুল হোসেন, শামসুল আলম দুদু, এ কে এম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম সুরমা বৈঠকে আসেননি।
সভাপতি তাদের জন্য ৫০ মিনিট মিটিং কক্ষে অপেক্ষা করেই বের হয় যান। তার পথ অনুসরণ করেন কমিটি সদস্য গাজী ম ম আমজাদ হোসেন।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কমিটির মোট ১০ সদস্যের মধ্যে তিন সদস্য উপস্থিত হলে কোরাম পূর্ণ হয়। কিন্তু ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র দুইজন সদস্য।
এ বিষয়ে কমিটি সভাপতি রেজাউল করিম হীরা সাংবাদিকদের বলেন, সবাইকে চিঠি দিয়ে বৈঠকের তারিখ-সময় জানানো হয়েছিল। শুনলাম অনেকেরই এলাকায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় আসতে পারেননি। যেহেতু কোরাম হয়নি তাই মিটিং বাতিল করেছি।
আরও পড়ুন: ঘোষণা দিয়ে মডেলের আত্মহত্যা, একজন গ্রেফতার
ইএইচএস/এজে








