সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সব শূন্য পদ পূরণে পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদান মানসম্মত না হলে উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষকদের অন্য জায়গায় বদলির সুপারিশ করেছে।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশ নেন।
বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নতুন জাতীয়করণকৃত স্কুলের শিক্ষার মানে সমতা আনা এবং শিক্ষক সমন্বয়ের উদ্দেশ্যে জনস্বার্থে শিক্ষকদের আন্তঃবদলির কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়।
সারা দেশের সব উপজেলাকে স্কুল ফিডিং কার্যক্রমের অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া গতিশীল করার সুপারিশ করা হয় বৈঠকে। এছাড়া কমিটি প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকদের আরও যত্নবান হওয়ার পরামর্শ দেয়।
কমিটি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধু মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য পৃথক বিজ্ঞপ্তি দেওয়ার সুপারিশ করে।
বৈঠকে মৌলিক স্বাক্ষরতাদান সম্পর্কিত ৪৫২ কোটি টাকার প্রকল্পের কাজ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় শিক্ষিত বেকার, প্রশাসনের প্রতিনিধি এবং জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে বাস্তবায়নের সুপারিশ করা হয়।
আরও পড়ুন-
প্রয়োজনে ফৌজদারি আইনে পরিবর্তন আসতে পারে
রমজান ও ঈদে চাঁদাবাজি বন্ধে বিশেষ ব্যবস্থা পুলিশের
/ইএইচএস/এফএস/








