মডেল সাবিরার আত্মহত্যার ঘটনার মামলায় তার প্রেমিক নির্ঝর সিনহা রওনক ও তার ভাই প্রত্যয়কে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালতের বিচারক জাকির হোসেন টিপু এ আদেশ দেন।
বুধবার আসামিদের আদালতে হাজির করে রওনকের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস। কিন্তু আসামি জবানবন্দি প্রদান করতে অস্বীকার করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এছাড়া আরেক আসামি রওনকের ভাই প্রত্যয়ের বিরুদ্ধে রিমান্ড বা জবানবন্দি গ্রহণের কোনও আবেদনই না থাকায় বিচারক তাকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার ভোরে মিরপুরের রূপনগরের একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায় সাবিরার। তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস ও ভিডিও বার্তা থেকে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যার আগে ওই স্ট্যাটাস ও ভিডিওবার্তা আপলোড করেন। এতে তিনি আত্মহত্যার ঘোষণা দেন এবং এর জন্য প্রেমিক রওনকের ভাইকে দায়ী করেন।
আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে রওনক ও তার ভাইয়ের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা দায়ের করেন সাবিরার মা দিলশাদ কাদির। এরপরই তাদের গ্রেফতার করা হয়।
সাবিরা বেশ কিছু পণ্যের স্থিরচিত্রে মডেল হয়েছিলেন। মডেলিং ছাড়াও উপস্থাপনাতেও তাকে দেখা গেছে। এছাড়া তিনি গানবাংলা টিভিতে কাজ করতেন বলে জানা গেছে। তার প্রেমিক রওনক ফ্রিল্যান্সার ফটোগ্রাফার।
আরও পড়ুন: ঘোষণা দিয়ে মডেলের আত্মহত্যা, একজন গ্রেফতার
/ইউআই/এজে








