নৌপথের নিরাপত্তা ও দুর্ঘটনামুক্ত নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সবার সচেতনতা বাড়াতে দেশব্যাপী শুরু হয়েছে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬’ শুরু হয়েছে। অষ্টম বারের মতো এ আয়োজন চলবে ৭ জুন পর্যন্ত। এ বছরের নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য- ‘প্রশিক্ষণ ও দক্ষতা নৌপথে আনে নিরাপত্তা’।
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে একটি ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়। নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রম, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বক্তব্য দেন।
অনুষ্ঠানে রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা হ্রাসে মালিক, শ্রমিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ জন্য নৌযান শ্রমিকদের সচেতনতা বাড়ানো জরুরি। তিনি নৌ সেক্টরের উন্নয়ন ও দুর্ঘটনা কমাতে শ্রমিকদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের কল্যাণের দিকটিও মালিকদের লক্ষ্য রাখার পরামর্শ দেন।
ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায় বলেন, সরকার নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এ জন্য যেসব সীমাবদ্ধতা রয়েছে সেগুলো দূর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ পালনের আয়োজন করে।
মূল উদ্বোধন অনুষ্ঠানসহ নারায়ণগঞ্জ, বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও মংলা বন্দরে নৌ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এ সব স্থানে উদ্বোধন অনুষ্ঠান ছাড়াও দেশের বিভিন্ন নৌ বন্দরে ব্যানার ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে নৌ সচেতনতা বৃদ্ধির কর্মসূচি, পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি ও ক্রোড়পত্র প্রকাশ, সারাদেশে অনিবন্ধিত নৌযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা ইত্যাদি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে মন্ত্রণালয় সূত্রে জানানে হয়।
আরও পড়ুন: আতঙ্কে ব্যবসায়ীরা, কী আছে ভ্যাট আইনে?
/এসআই/এজে








