সরকারের গ্রহণ করা পদক্ষেপের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ নেতা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বৈদেশিক বিনিয়োগ বাড়ছে, দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে। শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে দেশি-বিদেশি নাগরিকরা তাদের জীবন-যাপন ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকার ফলে দেশে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে লক্ষীপুর-১ আসনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
তরিকত ফেডারেশনের সংসদ সদস্য আউয়ালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ও অবস্থানরত বিদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
তিনি জানান, ইতোপূর্বে জঙ্গি, সন্ত্রাসী, নাশকতামূলক, ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের কর্মকাণ্ড ও গতিবিধি সম্পর্কে গোয়েন্দা কার্যক্রম অব্যহত রয়েছে। জঙ্গি ও সন্ত্রাসীসহ অপরাধীদের কর্মকাণ্ড রোধে তাদের যোগানদাতা ও অর্থের উৎস সন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, পুলিশ ও আইনশৃংখলা বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা সংক্রান্ত মামলার রহস্য উদঘাটনে সফলতার পরিচয় দিয়েছে।
চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে আসন্ন ঈদুল ফিতরে যানজটমুক্ত ও নির্বিঘ্নে যাতায়াতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী ঈদ উল ফিতরগুলোর চেয়ে আগামি ঈদ উল ফিতরে জনসাধারণ আরও স্বাচ্ছন্দে, আনন্দঘন পরিবেশে ও নিবিঘ্নে বাড়ি আসা-যাওয়া করতে পারবে বলে আশা করা যায়।
ঈদ-উল-ফিতর ২০১৬ উপলক্ষে জনগণ যাতে যানজটমুক্ত ও নিবিঘ্নে বাড়ি আসা যাওয়া করতে পারে সে লক্ষ্যে ২ জুন একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে বলেও প্রধানমন্ত্রী জানান।
আরও পড়ুন: সংসদ সচিবালয়ের জন্য ২৯৫ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন
ইএইচএস/এজে







