ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম মঙ্গলবার চিঠিটি মন্ত্রণালয়ে পাঠান।
জানতে চাইলে সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরা যাতে নিরাপদে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টির অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে চতুর্থ ধাপের ভোটের পরপরই কমিশন নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়কে একই ধরনের আরেকটি চিঠি দিয়েছিল। ওই চিঠিতেও সারা দেশে বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতা নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করছে উল্লেখ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ ভোটের অনূকূল পরিবেশ সৃষ্টির অনুরোধ করা হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনও ব্যবস্থা নিয়েছে কি না সে বিষয়ে কমিশনকে কিছু জানায়নি।
আরও পড়ুন: এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির
ইএইচএস/এজে








