গত তিনদিন ধরে হোস্টেলের ডাইনিং বন্ধ, পানিও নেই এবং সিট ভাড়া বাড়িয়ে দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজধানীর নীলক্ষেতে অবস্থিত কর্মজীবী মহিলা হোস্টেলের বাসিন্দারা।
শুক্রবার বিকেল হোস্টেলটির সামনেই সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। পুলিশ রাস্তা থেকে অবরোধকারীদের সরিয়ে দেয়। বর্তমানে আন্দোলনকারীরা হোস্টেলের ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। বাইরে পুলিশ অবস্থান করছে। ্ এর আগে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আন্দোলনকারী হোস্টেলের সামনের রাস্তা অবরোধ করে রাখেন।
বাসিন্দারা জানান, গত তিনদিন ধরে হোস্টেলের ডাইনিং বন্ধ, পানিও নেই। এছাড়া গত বছরের শেষের দিকে হঠাৎ করে আমাদের সিট ভাড়া দ্বিগুন করা হয়েছিল। এর প্রতিবাদে আমরা আন্দোলন করি। তখন চার সিটের কক্ষের প্রতিটি সিটের ভাড়া ৭শ টাকার জায়গায় ১১শ, তিন সিটের কক্ষের প্রতিটির ভাড়া ৮শ থেকে বাড়িয়ে ১৫শ, দুই সিটের কক্ষের প্রতিটির ভাড়া ১১শ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা এবং এক সিটের কক্ষের ভাড়া ১৬শ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছিল।
কিন্তু আন্দোলনের মুখে ওই ভাড়া তখন না নিলেও দীর্ঘ ছয় মাস পর বর্ধিত ভাড়া থেকে মাত্র ৬ শতাংশ ভাড়া কমিয়ে বাকেয়া ভাড়াসহ পরিশোধ করার জন্য গত বৃহস্পতিবার একটি নোটিশ দিয়েছে হোস্টেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে হোস্টেল সুপার সাবিকুন নাহার বলেন, ডাইনিংয়ের মেয়াদ শেষ হওয়ায় তিন দিন ধরে ডাইনিং বন্ধ। কিন্তু পানি আছে।
বকেয়া ভাড়া তিন কার্যদিবসের মধ্যে পরিশোধ করার বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে। আমার কোনও হাত নেই।
এদিকে নিউমার্কেট থানার এস আই তাজউদ্দিন বলেন, রাস্তা অবরোধ করে এমন আন্দোলন করলে তো জনদুর্ভোগ সৃষ্টি হবে। আমরা তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
এদিকে আন্দোলনেকারীদের রাস্তা থেকে সরাতে গিয়ে আটক করার চেষ্টা এবং কয়েকজন মহিলাকে মারধর করা হয়েছেন বলেন অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তারা বলেন, আমাদের কয়েকজন মহিলাকে মারধর করা হয়েছেন এবং শরীরে জামা ছিড়ে দিয়েছে- আমরা এর বিচার চাই।
এ বিষয়ে এসি নাজমুন্নাহার বলেন, মহিলারা রাস্তার পথচারীদের ওপর চড়াও হয়ে চেয়ার ছুড়ে মেরেছে। তখন আমি তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, তাদের কাউকে মারধর করিনি।
এ ঘটনায় মহিলা হোস্টেলের সামনে অতিরিক্ত মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে।
/আরএআর /এএইচ/








