ঘুষ লেনদেন, প্রশ্নফাঁসসহ নানা অনিয়মের অভিযোগে প্রায় তিন বছর আগে বাতিল হয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা। বাতিল হওয়া ওই পরীক্ষা আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ১৭ জুন প্রথম পর্বে প্রদর্শক (ডোমোনস্টেটর) পদের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর।পরে পর্যায়ক্রমে বাকি পরীক্ষাগুলোও গ্রহণ করা হবে।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এবং অধিদফতরাধীন বিভিন্ন অফিস/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন ক্যাটাগরির এক হাজার ৯৬৫টি শূন্য পদ পূরণের লক্ষ্যে ২০১৩ সালের ১৪ জুন তৃতীয় শ্রেণি এবং ২০১৩ সালের ২১ জুন চতুর্থ শ্রেণির লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হয়। কিন্তু নানা অনিয়মের কারণে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে ওই পরীক্ষার ফল প্রকাশ স্থগিতের পর পুরো পরীক্ষাই বাতিল করা হয়।
প্রায় তিন বছর পর আবারও সেই পুরনো প্রার্থীদের নিয়েই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর।এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক ফাহিমা খাতুন বলেন, ‘আমি নিয়োগকারী কর্তৃপক্ষ। ফলে পরীক্ষার বিষয়টি আমি জানি না।’
এদিকে অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক এ এস এম ওয়াহিদুজ্জামান বলেন, বাতিল হওয়া পরীক্ষা আবার গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৭ জুন প্রথম পর্বে প্রদর্শক পদের পরীক্ষা হবে।পর্যায়ক্রমে অন্যান্য পদের পরীক্ষাও নেওয়া হবে।
তিনি আরও জানান, ওয়েব সাইটে প্রবেশ পত্র দেওয়াসহ সকল প্রার্থীর কাছে পরীক্ষার তথ্য পৌঁছাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো, আবেদনকারিদের মোবাইলে জানানোসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে নাম না প্রকাশ করার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ওই সময় পরীক্ষাটি বাতিল করা হয়েছিল। অভিযোগ ছিল ঘুষ লেনদেন ও প্রশ্ন সরবরাহের। এখন ওই একই প্রার্থী দিয়েই পরীক্ষা নেওয়া হলে নিয়োগ স্বচ্ছ হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।
/আরএআর /এমএসএম /








