রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি বলেন, দেশিয় বাজারে পণ্য মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার খবরটি সঠিক নয়। রমজানে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদা সৃষ্টি হলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
বর্তমান সরকারের বিগত ও বর্তমান মেয়াদে নিত্যপ্রয়োজনীয় পণ্যাদির বাজার পরিস্থিতি সর্বস্তরের আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়ীদের সহযোগিতায় স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
বেশ কয়েকজন এমপির প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী রজমানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
বর্তমান সরকারের চলতি মেয়াদে কোনও দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি বলে সরকার দলীয় এমপি আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন। তবে এ সময়ে কয়েকটি চুক্তি যুগোপযোগী ও হালনাগাদ করা হয়েছে। আমদানি-রফতানির ক্ষেত্রে বর্তমান সরকারের বিগত মেয়াদে ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি কুয়েতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে মন্ত্রী জানান।
মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৪৫টি দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি রয়েছে।
মো. আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের শুল্ক ও কোটামুক্ত পণ্য রফতানির সুবিধা রয়েছে। গত অর্থবছরে ৩১, ২০৯ মিলিয়ন মার্কিন ডলার এবং চলতি ২০১৫-১৬ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত ২৭,৬৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে বলেও জানান তিনি।
চলতি অর্থ বছরে বজ্রপাতে ১৪২ জন মারা গেছে
রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী জানান, জেলা প্রশাসন হতে প্রাপ্ত তথ্য মতে চলতি ২০১৫-১৬ অর্থ বছরে এ পর্যন্ত ১৪২ জন বজ্রপাতে নিহত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৫ জন নিহত হন।
ইএইচএস/ এপিএইচ/








