রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোনও ক্ষতি করবে না বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন।
তিনি বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের ওপর স্থানীয় মানুষের নির্ভরশীলতা হ্রাস পাবে।
তিনি জানান, ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক ওই তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে এখনও কোনও পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি। তবে যথোপযুক্ত শর্তারোপ করে এ প্রকল্পের অনুকূলে ইআইএ (পরিবেশগত প্রভাব সমীক্ষা) প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে ইআইএ প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ইআইএ প্রতিবেদনে প্রস্তাবিত মিটিগেশন মেজার্স যথাযথভাবে বাস্তবায়িত হলে সুন্দরবনের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই।
স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে সুন্দরবনে চার দফা অগ্নিকাণ্ডে পরিবেশসহ লতাগুল্মের ক্ষতি হয়েছে। চার দফার ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ ৫০ হাজার টাকা। ভবিষ্যত এ ধরনের ক্ষতি যাতে না হয় তার জন্য নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী জানান।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
- প্রতারণার মামলা পুলিশের কাছে ফিরিয়ে দিতে দুদক আইনে সংশোধন
- নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক
ইএই্চএস/এজে








