
রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে দেশের বিভিন্ন জেলায় ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা ১০ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
সোমবার আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
এর আগে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ তাকে এ মামলাগুলোয় জামিন দেন।
প্রসঙ্গত, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংবাদ প্রকাশ করা নিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন টক শোতে মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তখন সেই সংবাদ প্রকাশ করা ছিল তার বিরাট ভুল। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ৮৩টি মামলা করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের চার নারী যাত্রী নিহত
/ইউআই/এসটি/








