যুদ্ধাপরাধীদের নামে রাজউকের প্লট বরাদ্দ করা হয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে বলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জাতীয় সংসদকে জানিয়েছেন। সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৯১ ও ২০০১ সালে খালেদা জিয়া সরকারের আমলে সাজাপ্রাপ্ত/অভিযোগে আটক যুদ্ধাপরাধীদের নামে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে জামায়েতের বিভিন্ন নোতা/সাজাপ্রাপ্ত/অভিযোগে আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে রাজউক কর্তৃক প্লট বরাদ্দ প্রদান করা হয়ে থাকলে তা তদন্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, বিদ্যমান শিক্ষানীতি অনুযায়ী নবম হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তর হিসবে বিবেচিত হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের কাজ শিগগির শুরু হবে।
নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে নাহিদ জানান, বর্তমানে দেশে ৬১০টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় চালু আছে। এর মধ্যে ৫৪৯টি এমপিওভুক্ত বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।
গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষক দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত আছেন, তাদের অধিকাংশের কোচিং বাণিজ্যে জড়িয়ে পড়ার প্রবণতা আছে। বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বদলির কাজ চলমান আছে।
এনামুল হকের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে শেখ হাসিনা বলেন, ২০১৬-১৭ অর্থবছরে বয়স্কভাতা খাতে উপকারভোগীর সংখ্যা ৩০ লাখ থেকে বাড়িয়ে ৩১ লাখ ৫০ হাজার জনে উন্নীত এবং ভাতা ৪০০ থেকে ৫০০ টাকা করার পরিকল্পনা আছে।
কোনও মন্ত্রণালয়ে মন্ত্রী না থাকলে প্রধানমন্ত্রী সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলী, প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুর পর এ মন্ত্রণালয়ের দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি।
প্রসঙ্গত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০০৬ সালে ‘রাষ্ট্রীয় কাজের স্বীকৃতিস্বরূপ’ যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে প্লট বরাদ্দ দেয়।
এদিকে, সরকারি দলের সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের প্রশ্নের জবাবে গণপূর্ত মন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদের যেসব সংসদ সদস্যের ঢাকা শহরে প্লট বা ফ্ল্যাট নেই তাদের জন্য ‘কেরানীগঞ্জ মডেল টাউন’ আবাসিক প্রকল্পে প্লট/ফ্ল্যাট সংরক্ষিত থাকবে।
মন্ত্রী আরও জানান, রাজউক কিংবা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ভবিষ্যতে গৃহীত প্রকল্পগুলোতেও সংসদ সদস্যসহ সব পেশা/শ্রেণির জন্য প্লট/ফ্ল্যাট বরাদ্দের সুযোগ থাকবে।
আরও পড়ুন: বিশ্ব নেতারা আমার কাজের মূল্যায়ন করছেন: সংসদে প্রধানমন্ত্রী
/ইএইচএস/এসটি/








