অবৈধ নির্মাণ কাজ করলে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের বিধান রেখে ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে এ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। যার প্রধান হিসেবে থাকবেন একজন চেয়ারম্যান। তার সঙ্গে কয়েকজন সদস্য থাকবেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মতো রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষও একই ধরনের কাজ করবে।
নতুন আইনে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পুকুর খনন, কিংবা যেকোনও ধরনের নির্মাণ কাজ করা যাবে না। অবৈধ নির্মাণ কাজ বন্ধে অথোরাইজড অফিসার নোটিশ দেবেন। নোটিশ না মানলে কর্তৃপক্ষ নিজ উদ্যেগে অবৈধ স্থাপনা ভেঙে ফেলবে।
বৈঠকে মোট ৭টি এজেন্ডা ছিল। বাকিগুলোর মধ্যে মন্ত্রিদের বিদেশ সফর সম্পর্কিত অবহিতকরণ ছিল অন্যতম।
/ওএফ/এসএনএইচ/ এপিএইচ/








