প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (২৬ জুন) আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে একথা জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী একই অনুষ্ঠান থেকে ঢাকা সাসটেইন্যাবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের অধীনে গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার দীর্ঘ বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণ কাজের অংশ হিসেবে গাজীপুর বাস ডিপোর নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
প্রকল্পে অর্থায়নকারী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এ বিষয়ে সম্মতি প্রদান করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত মাসে উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্পের দিয়াবাড়ি বাজার এলাকা মেট্রো রেল ডিপো উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এ প্রকল্পে জাইকা ১৬ হাজার ৫০০ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার বাকি টাকা দেবে। মেট্রো রেল উত্তরা থেকে মিরপুর ও ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত যাতায়াত করবে। প্রতি চার মিনিটে প্রতিটি স্টেশনে থেমে প্রতি ঘণ্টায় এটি ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে।
এই ২০.১ কিলোমিটার এমআরটি লাইন ৬ উত্তরা তৃতীয় পর্যায় থেকে পল্লবী, রোকেয়া সরণীর পশ্চিম পাশ ও ফার্মগেট, হোটেল সোনারগাঁও, রূপসী বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, তোপখানা রোড ও বাংলাদেশ ব্যাংক পর্যন্ত চলাচল করবে।
এই যাত্রা পথে ১৬টি স্টেশন থাকবে- উত্তরা নর্থ, সেন্ট্রাল ও সাউথ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্ত্বর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং বাংলাদেশ ব্যাংক। খবর বাসস।
আরও পড়ুন: চিনি নিয়ে সংকট
/এসটি/








