আজ বিদেশি কূটনীতিকদের গুলশান হামলা বিষয়ে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গুলশান ঘটনার সর্বশেষ পরিস্থিতি কূটনীতিকদের জানানো হবে। এ সময় তাদের বক্তব্যও শোনা হবে।
এদিকে, গুলশান হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রবিবার ঢাকায় সন্ত্রাসী ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন এ অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসের সামনে নিরুপায় জনগণের প্রকৃত চিত্র আবার প্রকাশ পেল।
বাহরাম কাসেমি আরও বলেন, এ ঘটনা প্রমাণ করলো সন্ত্রাসের কোনও সীমানা নেই। তারা জাতি, দেশ ও ভৌগোলিক অঞ্চল নির্বিশেষে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এদিকে, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এর মহাসচিব আমিন মাদানি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে রবিবার ফোন করে সমবেদনা জানান। তিনি জানান সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের প্রতি ওআইসির পূর্ণ সমর্থন রয়েছে।
মহাসচিব জানান, তিনি ঢাকায় এসে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতে চেয়েছিলেন কিন্তু ঈদের কারণে তিনি এটি করতে পারছেন না কিন্তু তিনি খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
/এসএসজেড/এমএনএইচ/







