কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে বোমা হামলার ঘটনার একটি ভিডিওতে পুলিশের ওপর হামলার আগ মুহূর্তের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে পিস্তল, বোমা ও চাপাতি হাতে দুই যুবককে দৌড়ে যেতে দেখা যায়।
পুলিশ জানায়, হামলাস্থল আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশের সবুজবাগের একটি ভবনের ছাদে বসানো সিসি ক্যামেরায় ওই চিত্র ধরা পড়ে। হামলার দিন সকাল ৮টা ৪৩ মিনিট থেকে ওই ভিডিও ধারণ হয়েছে।
ভিডিওতে প্রথমে দেখা যায়, আতঙ্কিত অবস্থায় এক তরুণ ও দুই শিশু রাস্তার একপাশ দিয়ে দৌড়াচ্ছে। এসময় দৌড়ে আসতে দেখা যায় এক আনসার সদস্যকেও। সে সময় পাশ থেকে রাস্তায় বেরিয়ে আসেন তিন তরুণী, যাদের গতিবিধিতেও ছিল ভয়।
এরপরই অস্ত্র হাতে দুই তরুণের ছুটে আসার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। দুজনের পরনেই ছিল পায়জামা-পাঞ্জাবি। একজনের মাথায় টুপিও ছিল। এছাড়া দুজনের ডান হাতেই পিস্তল, আর টুপি মাথায় থাকা তরুণের বাঁ হাতে বোমা এবং নীল পাঞ্জাবি পরিহিত অন্যজনের বাঁ হাতে ছিল চাপাতি। তাদেরকে দৌড়ে ওই জায়গা দিয়ে চলে যেতে দেখা যায়।
প্রসঙ্গত, ঈদের দিন বৃহস্পতিবার (৭ জুলাই) কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের আধা কিলোমিটারের মধ্যে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন, তার নাম ঝর্ণা রাণী ভৌমিক। নিহত অপরজন হামলাকারী বলে জানিয়েছে পুলিশ।
/এমও/এসটি/ এএইচ/








