
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এক্ষেত্রে তাদের স্টাফ ও সংশ্লিষ্ট অন্যান্যদের নিরাপত্তা বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সংস্থাটি।
জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা এক বিবৃতিতে বলেছেন, ‘জাইকা তার কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। যে স্থানগুলোতে আমরা কাজ করছি সেখানকার পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
জাইকার ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে তিনি গুলশানে সন্ত্রাসী হামলায় ৭ জাপানি নাগরিকের হত্যা ও আরও একজন আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।
এই ৮ জাপানির সবাই জাইকার জরিপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এরা ঢাকায় নগর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে একটি অবকাঠামো প্রকল্পের জন্য জরিপটি চালাচ্ছিলেন।
কিতাওকা বলেন, ‘জাইকার পক্ষ থেকে আমি এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের যতটা সম্ভব সহায়তা করার প্রস্তাব দিচ্ছি। যারা এই ঘটনায় হতাহত হয়েছেন তারা শুধু বাংলাদেশে জরিপ কার্যেই অংশ নেননি, তারা এদেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানও রেখেছেন। আমরা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে আমাদের কার্যক্রম অব্যহত রাখব।’ খবর বাসস।
আরও পড়ুন
নিরাপত্তা বলয় মাথায় রেখে কয়েক স্তরে ভাগ হয়ে হামলা চালায় জঙ্গিরা
জঙ্গি আস্তানা নর্থসাউথ ইউনিভার্সিটি!
/এসটি/








