বিতর্কিত পিস টিভির অন-এয়ার বন্ধে সোমবার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে ক্যাবল অপারেটরদেরও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। রবিবার পিস টিভির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার এ খবর দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রবিবার বিকালে রাজধানীর সার্কট হাউজ রোডে প্রেস ইনস্টিটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী বলেন, মুসলমান সমাজের কোরআন, সুন্নাহ, হাদিস, বাংলাদেশের সংবিধান ও দেশজ সংস্কৃতির সঙ্গে বহু ক্ষেত্রে পিস টিভির অনুষ্ঠান সঙ্গতিপূর্ণ নয়। আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি রবিবার পিস টিভির অন-এয়ার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, পিস টিভির অন-এয়ার বন্ধে প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় রয়েছে। তাই সোমবার সকালে এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
ভারতের মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ‘পিস টিভি’। পিস টিভিতে সারাক্ষণ ইসলাম ধর্মবিষয়ক আলোচনা সম্প্রচার করা হয়। ড. জাকির নায়েক এর পরিচালক। তার বিভিন্ন বিতর্কিত বক্তব্যকে ঘিরে জঙ্গিবাদে প্ররোচনা ও উৎসাহ জোগানোর অভিযোগ রয়েছে। ভারত সরকারও পিস টিভি বন্ধের উপায় খুঁজছে বলে জানা গেছে।
বৈঠকে তথ্যমন্ত্রী আরও বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা ছিল পরিকল্পিত। সরকারকে ক্ষমতাচ্যুত করার মহাপরিকল্পনার অংশ হিসেবে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা করা হয়েছে। এ হামলার পেছনে কারা জড়িত, তা বের করতে তদন্ত হচ্ছে। জঙ্গিবাদ দমনে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
আরও পড়তে পারেন: পিস টিভি-পিস স্কুলের বাংলাদেশি উদ্যোক্তা কাজী ইব্রাহিম গোয়েন্দা নজরদারিতে!
/ওএফ/এমএনএইচ/








