নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী কী সহযোগিতা লাগবে,তার সম্ভাব্য ক্ষেত্রগুলো যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,যুক্তরাষ্ট্র আমাদের প্রতিশ্রুতি দিয়েছে,তারা আমাদের সঙ্গে থাকবে। আমরা নিরাপত্তার ক্ষেত্রে যা যা চাইবো,যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত রয়েছে।
এদিকে,বৈঠক শেষে সাংবাদিকদের নিশা দেশাই বলেন,আমরা আমাদের যুব সমাজের সঙ্গে যুক্ত হবো। তারা যেন সঠিক পথে চলে এ লক্ষ্যে কাজ করবো।
তিনি বলেন,আমরা বাংলাদেশের সরকারকে সাধুবাদ জানাই যে,তারা যুক্তরাষ্ট্র এবং যাদের এ বিষয়ে অভিজ্ঞতা আছে,তাদের একসাথে কাজ করার জন্য।
বাংলাদেশের সাথে এই ব্যাপক ভিত্তিক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ বলেও জানান নিশা দেশাই।
তিনি বলেন,সন্ত্রাসবাদ মোকাবিলা এই অঙ্গীকারেরই অংশ।
তিনি বলেন,বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন,সহযোগিতা এবং প্রতিশ্রুতি সব সময়ের মতোই অটুট থাকবে এবং বাংলাদেশের জনগণের সাথে আমাদের বন্ধুত্বের বন্ধন বজায় রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা বৃদ্ধি প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণএশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেন, বাংলাদেশিদের উদ্বেগের সঙ্গে এক হয়ে আমরা আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন,চরমপন্থা একটি বৈশ্বিক হুমকি এবং আজকাল আমরা দেখতে পাচ্ছি যে,আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো যে কোনও জায়গা থেকে তাদের অনুসারীদের নিয়োগ দিতে পারে এবং যে কোনও জায়গা থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে।
দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে নিশা দেশাই বলেন,আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে,সন্ত্রাসবাদ জয়ী হবে না এবং গণতন্ত্র,সহিষ্ণুতা ও সবাই মিলেমিশে একসাথে চলার মূল্যবোধের ওপর ভিত্তি করে আমাদের দীর্ঘ ও গভীর সম্পর্ক প্রতিষ্ঠিত।
তিনি বলেন,মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ প্রতিহত করতে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অংশীদারিত্বের মূল্যবোধেরই ধারাবাহিকতার অংশ।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন,যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কীভাবে সহযোগিতা করতে পারে,সে বিষয় নিয়ে আলোচনা করতেই নিশা দেশাই ঢাকা এসেছেন।
তিনি বলেন,নিশা দিশাই জানিয়েছেন সন্ত্রাসবাদ মোকবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবধরনের সহযোগিতাই দিয়ে যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,আমরা যে ধরনের সহযোগিতা চাইবো,সে ধরনের সহযোগিতাই দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিনিদের প্রস্তাব আমরা এখন মূল্যায়ন করে দেখছি এবং এরপর যখন যেটির প্রয়োজন হবে,আমরা তখন সেটি চাইবো।
গত ২৫ এপ্রিল ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যার পর ৫ ও ৬ মে বাংলাদেশ সফর করেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
তিনি রবিবার দুদিনের সরকারি সফরে ঢাকায় আসেন।
এরপর দুপুরে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। এ সময় দেশাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট ও মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রীত সিং আনন্দ।
এদিন মার্কিন দূতাবাস থেকে এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশে সাম্প্রতিক হামলায় নিহত স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়।
বৈঠককে নিশা দেশাই বিসওয়াল বলেন,বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলায় নিহত স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুত সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি বলেছেন,বিশ্বব্যাপী জঙ্গিহামলা ও সন্ত্রাসবাদ রুখতে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দিতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া সন্ত্রাসবাদ রুখতে বাংলাদেশকে সবধরনের সহযোগিতাও দেওয়া হবে।
/এসএসজেড/টিএন/এবি/
আরও পড়ুন: গওহর রিজভীর সঙ্গে বৈঠকে নিশা








