‘তথ্যমন্ত্রী ও জাসদ নেতা মইনউদ্দিন খান বাদল সিরিয়াল কিলার ছিলেন’ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে মইনউদ্দিন খান বাদল বলেন, ‘আমরা যদি সিরিয়াল কিলার হই, তাহলে উনার (জিয়াউর রহমান) স্বামীও দুধে ধোয়া ছিলেন না।’
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ৪০তম তাহের দিবসের ডাক উপলক্ষে ‘ধর্মীয় জঙ্গি, সন্ত্রাস ও বর্বর হত্যাকাণ্ড রুখে দাঁড়াও, সমতা ও ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোল’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (একাংশ) আলোচনা সভাটির আয়োজন করে।
বিএনপির সমালোচনা করে জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল বলেন, ‘জিয়াউর রহমান তো মুক্তিযুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিলেন। জিয়া মুক্তিযুদ্ধের সময় কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার সহকর্মীরা কি বলতে পারবেন?’
তিনি বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যের জবাবে আরও বলেন, ‘বাংলাদেশের মাটি চাপ দিলে আমাদের প্রায় ২০ হাজার কর্মীর রক্ত বের হবে। তাহলে সে সময় আমাদের ২০ কর্মী মারা যায়নি!’
তিনি বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধভিত্তিক ঐক্য গড়ে তুলতে হবে।’ এ সময় কর্নেল তাহেরকে বাংলাদেশের বীরের প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।
একই আলোচনা সভায় ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য বলেন, ‘আজকে প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা অপশক্তি দেশের সিংহভাগ সমস্যার জন্য দায়ী। আর এসবের জন্যই দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। তাই, সরকারের ভেতরে লুকিয়ে থাকা অপশক্তিকেও বের করতে হবে।’ এ সময় তিনি দেশের জনগণের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে।’
জাসদ (একাংশের) সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ডা. মোস্তফা হোসেন, মো. খালেক, করিম শিকদার, কর্নেল তাহেরের মেয়ে জয়া তাহের, কর্নেল তাহেরের সহধর্মিণী সাংসদ লুৎফা তাহের প্রমুখ।
/এসআইএস/এবি/
আপ - /এসএ/








