তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে কেন্দ্রের কর্মসূচি অনুযায়ী বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় কোনও কোনও স্থানে তারা পুলিশি বাধার সম্মুখীন হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলায় ৭ বছরের সাজা ও ২০ কোটি টাকা অর্থদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালনের সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল পুলিশের বাধার সম্মুখীন হয়। শনিবার কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে মহানগর কমিটির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে বের হওয়া মিছিলটিকে পুলিশ বাধা দেয়। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় শহরের নারায়ণগঞ্জ হাই স্কুলের সামনে থেকে মহানগর যুবদলের আহ্বায়ক ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গেলে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। তখন পুলিশ মিছিলকারীদের ছাত্রভঙ্গ করে দেয় ও ব্যানার ছিনিয়ে নেয়। ওই সময়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই শফিকুল ইসলাম বাধা দেওয়ার বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, শান্তিপূর্ণভাবেই তো যুবদল মিছিল করেছে।
জামালপুর: পুলিশি বাধার মুখে তারেক জিয়ার বিরুদ্ধে কারাদণ্ডের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলা বিএনপি।
দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে স্টেশন রোডে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দয়াময়ী এলাকায় পুলিশি বাধার মুখে পড়লেও সেখানেই সমাবেশ করে তারা।
নীলফামারী: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার বেলা ১১টার দিকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সুপার মার্কেটের সামনে সমাবেশ করে।
এসময় বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি মিথ্যা দাবি করে আদালতের দেওয়া রায় প্রত্যাহারের দাবি জানান।
পাবনা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপিসহ এর সহযোগী ও অঙ্গ সংগঠন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিল থেকে তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ঘোষিত রায় বাতিলের দাবি জানান।
গাইবান্ধা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকারের করা মিথ্যা মামলার সাজা বাতিলের দাবিতে গাইবান্ধা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে। শনিবার বিএনপির এই মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সম্মুখে জেলা বিএনপি সভাপতি আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, প্রতিহিংসামূলক রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলায় প্রদত্ত সাজা বাতিলের দাবি জানান।
বগুড়া: অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জেল ও জরিমানার প্রতিবাদে বগুড়ায় বিএনপি কেন্দ্রিয় কর্মসূচি পালন করতে পারেনি। শনিবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ফলে তাদের পুলিশ বেস্টনীর মাঝেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিদায় নিতে হয়েছে। রায় ঘোষণার দিনেও বিএনপি কোনও কর্মসূচি পালন করতে পারেনি।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১২টার দিকে বগুড়া শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে মিছিল সামান্য গিয়ে থেমে যায়। সেখানেই নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় নেতারা বলেন, সরকার তারেক রহমানকে প্রচণ্ড ভয় করে বলেই মিছিল ও সমাবেশ করতে দেয়নি। ওপরের নির্দেশে পুলিশ তাদের বাধা দিয়েছে।
বরিশাল: একই দাবিতে বরিশাল বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে।
শনিবার বিএনপি’র বরিশাল মহানগর ও উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ পৃথকভাবে ওই কর্মসূচির আয়োজন করে।
নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপি’র মহানগরের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে প্রতিবাদী সভা হয়।
সভায় বক্তব্য রাখেন মহানগরের সহ সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, অ্যাডভোকেট আখতার হোসেন মেবুল, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, কোতোয়ালী শাখার সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, আনোয়ার হোসেন লাবু, শাহেদ আকন সম্রাট, আফরোজা খানম নাসরিন, খন্দকার আবুল হোসেন লিমন, মাসুদ হাসান মামুন প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে নেতা কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজিত নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এসময় পুলিশের তোপের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।
উত্তর জেলা বিএনপির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি এম মেজবাহউদ্দিন ফরহাদ।
বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, হিজলা বিএনপি সভাপতি দেওয়ান মো. শহিদুল্লাহ, মুলাদী উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আ. ছত্তার খান, গিয়াস উদ্দিন দিপেন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম প্রমুখ।
পরে সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে বের করতে চাইলে পুলিশ বাধা দিয়ে আটকে দেয়।
ঠাকুরগাঁও: একই ইস্যুতে আয়োজিত ঠাকুরগাঁও বিএনপি’র বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। পরে বিকালে জেলা বিএনপি কার্যালয়ে ঘরোয়া ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নুর করিমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তৈমুর রহমান,মহিলা নেত্রী ফোরাতুন নাহার প্রমুখ।
/জেবি/টিএন/
আরও পড়ুন:








