গুলশান ও শোলাকিয়ায় স্বাধীনতাবিরোধী জঙ্গিরাই হামলা করেছে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা আবার সংগঠিত হচ্ছে। তারাই এই হামলার সঙ্গে জড়িত। শনিবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ‘সাম্প্রতিক পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ’শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ, আমাদের দেশ শান্তির দেশ। কিন্তু কেন এ ধরনের হামলা ঘটলো? আমাদের দেশ সব ধর্মের দেশ। এদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এ দেশে সব ধর্মের সমান অধিকার রয়েছে। আমরা সব ধর্মকের সমানভাবে গুরুত্ব দেই। তাহলে কেন আমাদের ওপর আঘাত এলো? এর হিসাব যদি বের করতে যাই, তাহলে বের হয়ে আসে, যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই এই হামলা চালিয়েছে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মানবতাবিরোধীরা এই প্রথমই যে আমাদের ওপর হামলা চালিয়েছে তা নয়, এর আগেও হামলা চালিয়েছে। কখনও জেএমবি নামে, কখনও বা আনসারুল্লাহ বাংলা টিম নামে হামলা করেছে। এখন শুরু করেছে আইএস নামে। তারা এখন সংগঠিত হয়েছে। তবে গুলশানের হামলা ছিল এ যাবতকালের সবচেয়ে বড় ধরনের হত্যাকাণ্ড।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরেই আমরা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আলেমদের সঙ্গে বসেছি। সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছি। এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, তা নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা তাদের আর উঠতে দেব না।
শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্ত্বে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন প্রমুখ।
আরও পড়তে পারেন: টঙ্গীর জেএমবির আস্তানা থেকে আটক শুভ নিখোঁজ ছিল একমাস
/আরএআর/এমএনএইচ/








