ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কতো মানুষের প্রাণহানি ঘটেছে,সে তথ্য নির্বাচন কমিশনের কাছে নেই। রবিবার জাতীয় সংসদে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বতন্ত্র সংসদ সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সারা দেশে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ জন এবং দু’জন ভোটগ্রহণ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের পরিবারকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ ছাড়া, আহতদের ৪০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
সেলিম উদ্দিন তার প্রশ্নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কতজন মারা গেছে জানতে চান। জবাবে মন্ত্রী নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তার তথ্য উল্লেখ করেন।
প্রসঙ্গত, গণমাধ্যমের তথ্য অনুযায়ী এবারের ইউপি নির্বাচনে সহিংসতায় শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। জাসদের সাংসদ লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন,২০২০ সালের মধ্যে দেশের বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ৮ শতাংশ।
পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প
মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন,স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আওতায় বর্তমানে দেশে নিরাপদ পানি সরবরাহের জন্য ‘পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প’ নামের একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মেয়াদকাল জানুয়ারি ২০১৬ হতে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। মন্ত্রী আরও জানান,দেশের ৩০০টি নির্বাচনী আসনে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার জন্য একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে প্রতিটি নির্বাচনী এলাকায় ৩৩৫টি বিভিন্ন ধরনের পানির উৎস ও নলকূপ স্থাপন সম্ভব হবে।
ইএইচএস/এমএসএম/








