সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে ২টি এনজিওকে সমাজে সচেতনতা বাড়ানোর কাজ দেওয়া হয়েছে। এনজিও দুটি হলো- নন পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন এবং রূপান্তর।
মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ২০টিরও বেশি দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে এ এনজিও দুটির সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করে গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ড (জিসিএআরএফ)। এ সময় পররাষ্ট্র সচিব এম শহিদুল হকসহ ২০টির বেশি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে আরও ৩টি প্রতিষ্ঠানের সঙ্গে একই ধরনের চুক্তি সই করবে জিসিএআরএফ।
জিসিএআরএফ’র নির্বাহী পরিচালক ড. খালিদ খোসার ও এনজিও দুটির প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তিন বছর মেয়াদি এ চুক্তি সই করেন।
জানা যায়, দেশীয় এনজিও দুটি চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা এবং কক্সবাজারে যুব সম্প্রদায় ও নারীদের মধ্যে সন্ত্রাসবাদ বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে।
জিসিএআরএফ ওই এনজিও দুটিকে সন্ত্রাসবাদ বিষয়ে সমাজে সচেতনতা বাড়ানোর কাজে আর্থিক সহায়তা দেবে। বাংলাদেশ জিসিএআরএফ’র প্রাথমিক সদস্য। যুক্তরাষ্ট্র এবং তুরস্কের প্রস্তাবে এ সংগঠনটি গঠিত হয়।
/এসজেড/এসএনএইচ/এপিএইচ/








