প্রাথমিক শিক্ষার ‘মান ভাল না’ এ ধরনের বদনাম ঘোচাতে প্রাইমারি স্কুল ও শিক্ষকদের ওপর জেলা প্রশাসকদের (ডিসি) তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘ডিসি সম্মেলন-২০১৬’এর প্রথম দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মোস্তাফিজুর রহমান বলেন, সব সময় একটি অভিযোগ শোনা যায় যে, প্রাথমিক শিক্ষার মান ভাল না। কিন্ডারগার্টেনের শিক্ষার মান ভাল। কিন্তু প্রাথমিক স্কুল ও শিক্ষকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়েও কেন এ ধরনের বদনাম শুনতে হয়। তাদের তুলনায় কিন্ডারগার্টেনের শিক্ষকরা কম সুযোগ-সুবিধা পান। তাই এ বদনাম ঘোচাতে প্রাথমিক স্কুল ও শিক্ষকদের ওপর জেলা প্রশাসকদের তদারকি বাড়াতে হবে।
তিনি আরও বলেন, আমাদের অনেকের মধ্যে কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা কাজ করে। এ জন্যই সরকারি এতো সুযোগ সুবিধা দেওয়ার পরও প্রাথমিক শিক্ষার মান নিয়ে আমরা জনগণকে সন্তুষ্ট করতে পারছি না।
এ সময় ডিসিরা তাদের সমস্যা তুলে ধরে বলেন,তাদের এলাকায় অনেক স্কুলের ভবন, মানসম্মত শ্রেণিকক্ষ ও পর্যাপ্ত শিক্ষক নেই। উত্তরে মোস্তাফিজুর রহমান বলেন, অচিরেই এসব সমস্যার সমাধান করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপবৃত্তির টাকা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, নিজ নিজ এলাকায় স্কুল কর্তৃপক্ষকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে বিষয়টি জেলা প্রশাসকরা মনিটর করবেন।
জঙ্গি হামলায় বিশেষ নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে কিনা প্রশ্নের জবাবে গণশিক্ষামন্ত্রী বলেন,এ ধরনের নির্দেশনা অনেক আগেই দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোমলমতি শিশুরা যে যেভাবে বোঝে তাদের সেভাবেই জঙ্গিবাদ, নাশকতা, মৌলবাদ, ধ্বংস ও সন্ত্রাসবাদের নেতিবাচক প্রভাব সম্পর্কে জ্ঞান দিতে হবে।
/এসআই/এসএনএইচ/এমএসএম /
আরও পড়ুন-
কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী
গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি
মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে







