ম্যাডাম এখন চুপচাপ হয়ে গেছেন। কথা বলেন খুব কম, অনেকটাই নীরবে সময় কাটে তার। গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবীরের মা রুবা আহমেদ সম্পর্কে এ কথা বলেন এলিগ্যান্ট গ্রুপের এজিএম লিয়াকত হোসেন।
তিনি জানান, এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান এখন আর খুব একটা অফিস করেন না, মাঝে মাঝে অফিসে গেলেও কাজ করেন না। শুধু অবিন্তার মা নন, তার পুরো পরিবারের একই অবস্থা। বাবা, নানা, নানু, খালা, মামা সবাই খুব নীরবে দিনযাপন করছেন, নীরব নিস্তব্ধ বাড়িতে সবাই যার যার মতো দিন কাটান অবিন্তাহীন বাড়িতে।
আজ গুলশান হামলার এক মাস পূর্তিতে জঙ্গি হামলার ঘটনাস্থলে অবিন্তার পরিবার যাবে কিনা জানতে চেয়ে ফোন করলে তিনি এসব কথা বলেন।
লিয়াকত হোসেনের মন্তব্য, ‘মনে হয় ওখানে কেউ যাবে না। তবে সকালে বনানী কবরস্থানে গিয়েছিলেন ম্যাডাম, আমরা সবাই গিয়েছিলাম। সেখান থেকে দুপুর বারোটার দিকে বাসায় এসেছেন ওনারা।’
আজ বাসায় কিছু হবে কিনা জানতে চাইলে লিয়াকত হোসেন বলেন, বিশেষ কিছু হবে না। তবে অবিন্তার স্মরণে প্রতিদিন বাসায় দোয়া হচ্ছে ঘরোয়া ভাবে। বনানী কবরস্থানে যে মসজিদ রয়েছে সেখানে কোরান পড়া হয়, অফিসে প্রতিদিন বাদ আসর দোয়া হয়। আর হোতাপাড়ায় আমাদের যে কারখানা রয়েছে সেখানে একটি মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। সেখানেও প্রতিদিন কোরান খতম করানো হয়। এভাবেই অবিন্তাকে স্মরণ করা হচ্ছে।
লিয়াকত হোসেন জানান, অবিন্তার বাবা ইহসানুল কবীর কয়েকদিনের মধ্যেই কর্মস্থল আমেরিকাতে ফিরে যাবেন। মেয়ের মৃত্যুর পর তিনি দেশে এসেছিলেন।
/টিএন/
আরও পড়ুন:








