
এস এম বকস কল্লোলকে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার প্রকাশক ঘোষণা করে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন নাঈমুল ইসলাম খান। তার আবেদনের ভিত্তিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে নাঈমুল ইসলাম খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী টিএইচ খান ও ব্যারিস্টার আখতার ইমাম। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে ২০১১ সালে ২৮ সেপ্টেম্বর এস এম বকস কল্লোলকে প্রকাশক হিসেবে ঘোষণা দেওয়া হয়। জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নাঈমুল ইসলাম খান হাইকোর্টে যান। ২০১২ সালের ১৬ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন ও প্রকাশক ঘোষণার আদেশের কার্যকারিতা স্থগিত করেন। একই বছর ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলার বৃহত্তর বেঞ্চ গঠনের বিষয়টি বিবেচনার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। পরে প্রধান বিচারপতি ওই তিন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। একই বছরের ৮ আগস্ট ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ‘২০১১ সালে ২৮ সেপ্টেম্বর এস এম বকস কল্লোলকে প্রকাশক’ হিসেবে ঘোষণা দেওয়ার আদেশ বহাল রাখেন। এরপর এর বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) করেছিলেন নাঈমুল ইসলাম খান।
মঙ্গলবার তাকে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ।
/ইউআই/এসটি/








