সন্তানকে বুকের দুধ খাওয়ানোর বিষয়ে মনোযোগী হতে মায়েদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, শিশুদের জন্য মায়ের দুধই সেরা খাবার। আর আধুনিক যুগের কৃত্রিম দুধের ক্ষতিই বেশি। গৃহকর্মীর কাছে বেড়ে ওঠা শিশু অবহেলায় থাকে, তারা মাতৃদুগ্ধ পায় না। এদের জঙ্গি হয়ে ওঠার সম্ভাবনা থাকে।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মহাখালীর সাততলা বস্তি উচ্ছেদ করা হবে বলেও মন্ত্রী প্রতিশ্রুতি দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কল্যাণপুরে নিহত জঙ্গিদের লাশ পরিবার নিতে আসেনি। তারা বেওয়ারিশ হয়ে পরে আছে। এতে কার লাভ? এজন্যই অভিভাবকদের সন্তানের প্রতি নজর দিতে হবে, ইন্টারনেটে কী করছে তার দিকে নজর দিতে হবে।
মন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা কোনও ধর্মই সমর্থন করে না। যারা ধর্মের নামে জঙ্গির কাজ করে তারা ভণ্ড, প্রতারক।
তিনি বলেন, সন্তানকে ভালবাসুন, লালন করুন। তাহলে আপনার সন্তান বিপথগামী হবে না। কোনও কারণে যদি সন্তান জঙ্গি হয় তাহলে সেই জঙ্গি সন্তানকে লালন না করে একট গাছকে পরিচর্যা করুন। অন্তত গাছ আপনাকে ফল দেবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্মগত অধিকার। কোনও কোনও মা তার সন্তানকে কৃত্রিমভাবে তৈরি দুধ পান করিয়ে শিশুর জন্মগত অধিকার থেকে বঞ্চিত করেন। আমি মনে করি এখানেই মা ও শিশুর মধ্যে দূরত্ব তৈরি হয়। শিশুর পরিপূর্ণ বিকাশ আর সুস্থ দেহ ও মনের জন্য মাতৃদুগ্ধ খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি সরকারি অফিসে ব্রেস্টফিডিং সেন্টার থাকবে উল্লেখ করে নাসিম বলেন, তবে এ পদক্ষেপের বাস্তবায়ন এখনও সম্ভব না হলেও মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক এস কে রায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
মেজর জিয়া ও তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও
/জেএ/এফএস/








