
এ বছর থেকেই পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) বাতিলের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ অভিভাবক ঐক্য ফোরাম’। শনিবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তারা।
সংবাদ সম্মেলনে মোট চারটি দাবির কথা তুলে ধরে অভিভাবক ঐক্য ফোরাম। তাদের অন্যান্য দাবি হলো, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে এবং কোচিং ব্যবসা নিষিদ্ধ করণের পাশাপাশি হাইকোর্টের রায় অনুযায়ী বেসরকারি স্কুল-কলেজে এডহক কমিটি ও সভাপতিসহ গভর্নিং বডির নির্বাচন দিতে হবে। এসব দাবি আদায়ের লক্ষ্যে ২০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে অভিভাবক ঐক্য ফোরাম।
ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, ‘২০০৯ সালে পিইসি পরীক্ষা চালু হয়। তবে গত ৭ বছরে এই পরীক্ষা কোনও সুফল বয়ে আনতে পারেনি। এ কারণেই স্কুলগুলো আজ কোচিং সেন্টারে পরিণত হয়েছে।’ অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘সন্তানকে সুশিক্ষিত করে তুলতে তাদের পেছনে বেশি-বেশি সময় দিতে হবে।’
সভাপতি অভিযোগ করেন, ‘হাইকোর্টের রায়ের পরও মতিঝিল আইডিয়াল ও ভিকারুননিসা নূন স্কুলসহ কতিপয় স্কুলের গভর্নিং বডি কিংবা ম্যানিজেং কমিটির নির্বাচন হচ্ছে না। এসব প্রতিষ্ঠানে অবিলম্বে নতুন করে নির্বাচন দিতে হবে।’
/এসআইএস/এআরএল/








