
দেশের ৯টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে।
যে পৌরসভাগুলোয় ভোটগ্রহণ চলছে সেগুলো হল-দিনাজপুরের ঘোড়াঘাট,নিলফামারীর ডোমরা, রংপুরের পীরগঞ্জ,পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল,বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া। আর শরীয়তপুরের নাড়িয়াতে মেয়র পদে উপ-নির্বাচন হবে।
এসব পৌরসভায় মেয়র পদে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী হচ্ছেন ১৮ জন। এগুলোর মধ্যে আওয়ামী লীগের ৯, বিএনপির ৭, জাতীয় পার্টির ১ ও সাম্যবাদী দলের ১ জন প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র থেকে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯টি পৌরসভার মোট ভোটার এক লাখ ৬৯ হাজার ৩৪২ জন। ৯১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ভোটের দিন এসব পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন ভোটার এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের ৩৬টি টিম নিয়োজিত করেছে। এছাড়া নির্বাচনি এলাকায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন: ফালুর পদত্যাগ রহস্য
/এআর/








