পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহ্রিয়ার আলম বলেছেন, গুলশানে ও শোলাকিয়ায় সন্ত্রাসী ঘটনার কারণে বাংলাদেশের ভাবমূর্তিতে যে আঘাত এসেছে, সেটি পুনরুদ্ধার করতে চায় সরকার। সে কারণে সরকার বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
রবিবার তার দপ্তরে সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান আছে, যা আমাদের গর্বের বিষয়। কিন্তু সেই জায়গায় কিছুটা হলেও আঘাতপ্রাপ্ত হয়েছে এবং আমরা সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চাই।
তিনি বলেন, বড় চ্যালেঞ্জ হচ্ছে, জনমনে এবং বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মধ্যে নিরাপত্তার আস্থা ফিরিয়ে আনা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত বছর একজন ইতালিয়ান ও জাপানের নাগরিক নিহত হওয়ার এক বা দুই মাস পর অবস্থা স্বাভাবিক হয়ে এসেছিল।
তিনি স্বীকার করেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনা গত বছরের ঘটনার থেকেও বেশি ভয়ঙ্কর। কিন্তু তিনি আশা প্রকাশ করে বলেন, এটি সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে যাবে।
তিনি আরও জানান, প্রতিদিন গড়ে এক হাজার দেশি ও বিদেশি বাংলাদেশ ত্যাগ করেন এবং দেড় হাজার থেকে দুই হাজার লোক বাংলাদেশে আসেন।
প্রতিমন্ত্রী বলেন, এটি ঠিক বাংলাদেশে বিদেশি আসার সংখ্যা কমেছে। কিন্তু বর্তমানে গ্রীষ্মকালীণ ছুটি চলছে, যা আগস্টের শেষদিকে শেষ হবে এবং তখন বোঝা যাবে কত সংখ্যক বিদেশি আসা কমেছে।
বিভিন্ন দূতাবাস থেকে নিরাপত্তা সংক্রান্ত যে সুপারিশমালা এসেছে, সেগুলির জন্য আইন বা বিধিমালা সংশোধনীর প্রয়োজন হলে সেটি পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সাথে আলোচনার পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট রবিবার সাংবাদিকদের বলেন, কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ দল আসবে নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য।
তিনি বলেন, আমরা এখন সরকারের সাথে পরবর্তী আলোচনার প্রস্তুতির জন্য কাজ করছি। কারণ, আমাদের বেশকিছু প্রস্তাব আছে এবং আমরা বিভিন্ন এজেন্সির সাথে এ বিষয়ে আলোচনা করে জানবো তারা কীসে আগ্রহী এবং কী কী তারা চায়।
বার্নিকাট জানান, তাদের কয়েকটি প্রস্তাব অর্থায়নের জন্য কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় আছে এবং এ অনুমোদনের জন্য তারা অপেক্ষা করছেন।
ভবিষ্যত ঝুঁকি বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে যদি নির্দিষ্ট কোনও তথ্য থাকে, সেটি আমরা সরকারকে জানাবো।
/এসএসজেড/এবি/








