মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের ২২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, গত ৩০ জুন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদ, উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খান, মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানসহ আটজনকে আসামি করে মামলা কওে দুদক। মামলার অপর আসামিরা অগ্রণী ব্যাংকের জেষ্ঠ কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩০ জুন মামলা করার পরপরই অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খান, উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক শফিউল্লাহকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মিজানুর রহমান খান গত বৃহস্পতিবার জামিন পেয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা প্রতারণা ও অপরাধজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৫৫৫ নম্বর প্লটটি মিজানুর রহমানের বৈধ মালিকানায় ছিল না। ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছিল। এছাড়া ভবন নির্মাণে রাজউক অনুমোদিত বৈধ নকশাও ছিল না। বিতর্কিত ওই জমিতে নির্মাণাধীন একটি ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেয় অগ্রণী ব্যাংক। মঞ্জুর হওয়া ঋণ থেকে পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
/এনএল/এনএস/
আরও পড়ুন: সাংবাদিকের হাত কেন দড়িতে বাঁধা?








