দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে। এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে হাসপাতালে নিরাপত্তা জোরদারের এক জরুরি সভায় এ নির্দেশনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক,পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি ও বেসরকারি হাসপাতালের পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন।
চলমান পরিস্থিতিতে হাসপাতালগুলোর নিরাপত্তা যেন কোনওভাবেই বিঘ্নিত না হয় সে সেদিকে সতর্ক থাকার জন্য সভা থেকে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। সব হাসপাতালে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি স্থাপনের জন্যেও হাসপাতালের পরিচালকদের বলা হয়েছে। এছাড়াও হাসপাতালগুলোতে নিরাপত্তা কর্মী বৃদ্ধির জন্যেও বলা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ দিতে বলা হয়েছে এবং সরকারি হাসপাতালগুলোতে পুলিশ ও আনসার এর সংখ্যা বাড়ানোর জন্যে উদ্যোগ নেয়া হবে। এছাড়াও সকল হাসপাতালেই রোগীর সঙ্গে আসা বা রোগীকে দেখতে আসা ভিজিটরদের প্রতি বাড়তি সতর্ক থাকার জন্যেও নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন না খালেদা জিয়া
/জেএ/এমএসএম/আপ-এআর/








